জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে গ্যাস অনুসন্ধানে কূপ খননের কাজ সমাপ্ত হয়েছে। প্রাথমিক পরীক্ষায় মিলেছে গ্যাসের সন্ধান। গতকাল রোববার দুপুর ১২টা পর্যন্ত ৭.২ মিলিয়ন গ্যাসের চাপ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান মিলে।
আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ ও পরীক্ষার কী পরিমাণ গ্যাস রয়েছে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের কর্মকর্তারা জানান, এ পর্যন্ত দুই হাজার ৬০০ মিটার খনন করা হয়েছে। এক হাজার ৪৪১ থেকে এক হাজার ৪৪৫ মিটার মাটির নিচের স্তরে থেকে ৭.২ মিলিয়ন গ্যাসের চাপে বের হচ্ছে। উপরে আরো একটি স্তর রয়েছে বলে জানান কর্মকর্তারা। ওইখানেও গ্যাস রয়েছে।
আগামী ৭২ ঘণ্টা প্রাথমিক পরীক্ষা শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে ।
এ ছাড়াও তেল বা অন্যান্য পদার্থ রয়েছে কি না, তা পরীক্ষা শেষে জানা যাবে।
গ্যাস অনুসন্ধান ও কূপ খনন প্রকল্পের জামালপুর-১ প্রকল্প পরিচালক মো: মোজাম্মেল হক বলেন, গ্যাস বের হচ্ছে, তবে এ মুহূর্তে বলা যাচ্ছে না কী পরিমাণ গ্যাস আছে।
পরীক্ষা ও পর্যবেক্ষণ শেষে কী পরিমাণ গ্যাস রয়েছে তার পরিমাণ জানা যাবে। এ ছাড়া অন্য কোনো খনিজ পদার্থ আছে কি না, তাও পরীক্ষা শেষে জানা যাবে।
চলতি বছর ২৪ জানুয়ারিতে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাস কূপটির খননকাজ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয় ধরা হয়।



