খুলনায় দুর্নীতির মামলায় ব্যবসায়ীসহ ৭ জনের ১০ বছর করে জেল

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় সোনালী ব্যাংকের দৌলতপুর শাখায় আর্থিক অনিয়মের মামলায় ব্যাংকের ছয় কর্মকর্তা-কর্মচারী ও এক ব্যবসায়ীসহ সাতজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক কোটি ৬৩ লাখ ৭১ হাজার ৭৫২ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ মো: ওয়াহেদুজ্জামান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্বাধিকারী সনজিৎ কুমার দাস, সোনালী ব্যাংক দৌলতপুর করপোরেট শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো: নজরুল ইসলাম, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল, সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: রুহুল আমিন, সাবেক প্রিন্সিপাল অফিসার মো: সিরাজুল ইসলাম, সাবেক অফিসার অজিত কুমার সরকার এবং সাবেক গোডাউন কিপার মো: মতিয়ার রহমান। দণ্ডপ্রাপ্ত আসামি সনজিৎ কুমার দাস খুলনা ইন্ডাস্ট্রিজ প্রিমিসেস লিমিটেড (ইস্পাহানি), ভিসি রোড, দৌলতপুরে মেসার্স ইস্টার্ন ট্রেডার্স পরিচালনা করতেন। তার পিতার নাম মৃত শ্রীপতি কুমার দাস। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কৃষ্ণপুরে।

মামলার অভিযোগে বলা হয়, সনজিৎ কুমার দাসের সাথে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে আর্থিক অনিয়ম করা হয়।