বিবিসি
১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। শিশুদের অনলাইন আসক্তি, সাইবার বুলিং ও ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা দিতে উচ্চ ঝুঁকিপূর্ণ প্ল্যাটফর্মে থাকা শিশুদের অ্যাকাউন্ট ধাপে ধাপে বন্ধ করা হবে। গত শুক্রবার এক ভিডিও বার্তায় এ তথ্য জানান দেশটির যোগাযোগ ও ডিজিটাল মন্ত্রী মিউতিয়া হাফিদ।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অস্ট্রেলিয়া, স্পেন ও মালয়েশিয়ার পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করবে ইন্দোনেশিয়া। সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে থাকা ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা শুরু হবে।
মন্ত্রী জানান, প্রযুক্তি কোম্পানিগুলো তাদের দায়িত্ব পূরণ না করা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তবে বয়স যাচাইয়ের পদ্ধতি কিভাবে কার্যকর হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। সরকার বলছে, শিশুদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। কারণ অনেক শিশু বর্তমানে পর্নোগ্রাফি, সাইবার বুলিং, অনলাইন জালিয়াতি এবং অতিরিক্ত আসক্তির মতো ঝুঁকির মুখে পড়ছে।


