বরুড়া সমিতির সাধারণ সভা

ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

Printed Edition

ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে দেশ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি’কে একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্পৃক্ত হতে হবে।

গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে ‘বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকা’র নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ, অভিষেক ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বরুড়া উপজেলার ছোট-বড় প্রায় ৩০০টি রাস্তা বিভিন্ন প্রকল্পের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে বরুড়ায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। এমন লক্ষ্য নিয়ে কাজ চলছে। পাশাপাশি এলাকার পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি মো: শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রফেসর ডা: মো: রুহুল আমিন, আব্দুল হক, মনীন্দ্র কিশোর মজুমদার ও নুরুল ইসলাম মিলন সমিতির কার্যক্রম, অগ্রগতি ও পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ও মো: আব্দুস সামাদসহ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।