নয়া দিগন্ত ডেস্ক
কই মাছ বৃষ্টি নামলেই ডাঙায় উঠে আসে। কেউ আবার দাবি করে, ‘আজ এমন বৃষ্টি, কই ওঠার বৃষ্টি!’ কথাটা শুনতে লোককথার মতো লাগলেও এর পেছনে বিজ্ঞান আছে। আর কই মাছও সাধারণ মাছের মতো নয়।
অর্থাৎ কই মাছ এমন এক মাছ যা শুধু পানিতে টিকে থাকে না, দরকার হলে কিছু সময় ডাঙায়ও নড়াচড়া করতে পারে। এর শরীরে আছে বিশেষ এক অঙ্গ ল্যাবিরিন্থ অর্গান, যা বাতাস থেকে অক্সিজেন নিতে সাহায্য করে। এ কারণেই অন্য অনেক মাছের চেয়ে কই একটু ‘দুঃসাহসী’। কিন্তু প্রশ্ন হলো সব বৃষ্টিতে কি কই ডাঙায় ওঠে? না। নির্দিষ্ট কিছু ধরনের বৃষ্টি আর পরিবেশই কইকে এ কাজ করতে উসকে দেয়। কই মাছ সবচেয়ে বেশি ডাঙায় ওঠার সম্ভাবনা থাকে টানা ভারী বর্ষণে। কয়েক ঘণ্টা বা কয়েক দিন ধরে বৃষ্টি হলো। পুকুর উপচে পানি গেল পাশের ডোবায়, ডোবা মিশল খালে। আগে আলাদা থাকা জলাশয়গুলো হঠাৎ যুক্ত হয়ে গেল। এই অবস্থায় কই মাছের সামনে নতুন পথ খুলে যায়। কই মাছ তখন ডাঙায় উঠে আসে।



