আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো আমিনুল হক। শুক্রবার এফডিসিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেয়ার বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দক্ষতা বৃদ্ধির নামে দুর্নীতির মাধ্যমে দেশ থেকে অর্থপাচার করা হয়েছে এবং সেই দুর্নীতির কারণেই আওয়ামী সরকার ফ্যাসিস্ট আখ্যা পেয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ তৈরির মাধ্যমে যুবসমাজকে কর্মক্ষম করে গড়ে তোলা হবে। ডিগ্রি নিয়ে যুবকরা যাতে বেকার না থাকেন এবং কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন, সে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি। তরুণদের মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ শুরু করেছে এবং খালি জায়গা পেলেই সেখানে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।
সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত শাসনামলে চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি না হয়ে সার্টিফিকেট নির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে ওঠায় শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। তিনি জানান, দেশের মোট মাদকাসক্তের ৮০ শতাংশই তরুণ ও যুবক, যা কর্মসংস্থানের অভাব ও হতাশারই ফল। বর্তমান সরকারের নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি, মিনি স্টেডিয়াম নির্মাণ ও ক্রীড়া ভাতার মতো উদ্যোগ যুবসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত রাখতে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্কে ইস্টার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ড. এস এম মোর্শেদ, কেয়ার বাংলাদেশের পরিচালক রওনক জাহান ও এসওএসের উপজাতীয় পরিচালক মো: মাসুদ রানা। শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি


