ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে হার। প্রথম ম্যাচে ওসাসুনার মাঠে গত ২১ ফেব্রুয়ারি ২-১-এর পরাজয়ের পর ৩ মার্চ নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদ ১-০তে হেরেছিল গেতাফের সাথে। দুই হারের হতাশা ছেড়ে ফেলার লক্ষ্যে গত পরশু মাঠে নেমে সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফিরে দলটি। প্রতিপক্ষের মাঠে গত পরশু জবাব দিতে বেশি সময় নিলো না বার্নাব্যুর দলটি। অরেলিয়েন চৌয়ামেনির গোলে ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যায় সফরকারী দল। ২৫ মিনিটে স্বাগতিক দলকে সমতায় ফেরান বোর্জা ইগলেসিয়াস। এরপর পুরো সময় বিবর্ণ ফুটবলে পয়েন্ট হারানোর দুয়ারে পৌঁছে আলভারো আরবেলোয়ার দল। ম্যাচ যখন নিশ্চিত ড্র’র দিতে এগোচ্ছে, ঠিক তখনই নাটকীয় ম্যাচে ভাগ্যের সহায়তায় গোল পেয়ে যায় মাদ্রিদের দলটি।
সেল্টার মাঠ এস্তাদিও দে বালাইডোসে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফেদেরিকো ভালভার্দের গোল। উরুগুইয়ান ২৭ বছর বয়সী মিডফিল্ডারের নেয়া শটে বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে অনেকটা দিক পরিবর্তন করে জালে জড়ায়। তা তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না রোমানিয়ান গোলরক্ষক ইওনুত রাদুর। এই গোলের সুবাদেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
এ দিকে জার্মান বুন্দেসলিগায় ইনজুরির কারণে গত পরশু বায়ার্ন মিউনিখের ম্যাচে ছিলেন না দুর্দান্ত ছন্দে থাকা হ্যারি কেন। কিন্তু মনচেনগ্লেডবাচের বিপক্ষে ম্যাচে ইংলিশ ফরোয়ার্ডের অনুপস্থিতি বুঝতেই দেয়নি বাভারিয়ানরা। অ্যালিয়াঞ্জ এরিনায় লুইস দিয়াজ, কোনরাড লাইমার, জামাল মুসিয়ালা ও নিকোলাস জ্যাকসনের গোলের সুবাদে ৪-১ ব্যবধানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শেষের দিকে একটি গোল শোধ করেন ওয়ায়েল মোহে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে ১৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বায়ার্ন। ২৫ ম্যাচে দলটির অর্জন ৬৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বরুশিয়ার পয়েন্ট ৫২।
ফ্রান্স লিগ ওয়ানে এ দিন পিএসজির শিরোপা দৌড়ে বড় ধাক্কা দিলো মোনাকো। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে দারুণ পারফরম্যান্সে স্বাগতিক দলকে ৩-১ ব্যবধানে হারায় লেস রুজ এট ব্লাঙ্করা।
ইতালিয়ান সিরি ‘আ’তে নিজেদের মাঠ ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে জয় পেয়েছে নাপোলি। অ্যালিসন সান্তোস ও এলজিফ এলমাসের গোলে ২-১তে তারা হারায় তুরিনোকে।


