মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক আরিফ কাজির বিরুদ্ধে সরকারি ঘর দেয়ার নামে টাকা আত্মসাৎ ও নদ-নদীতে অবৈধ ড্রেজার বাণিজ্যের বিস্তর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসন বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।
অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার শাখারপাড় এলাকার বিথী আক্তারসহ পাঁচজন নারীকে বিনামূল্যে সরকারি ঘর পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে আড়াই লাখ টাকা নেন আরিফ কাজি। আট মাস পার হলেও কাউকেই ঘর দেননি তিনি। টাকা ফেরত চাইলে হুমকি-ধমকি দেয়া হয়। এ ছাড়া ইশিবপুর ইউনিয়নে ড্রেজার ব্যবসায়ীদের সুযোগ দিয়ে নদীর অবৈধ বালু উত্তোলনে সহায়তার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ভুক্তভোগী বিথী আক্তার গত ১৩ জুলাই মাদারীপুরের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযুক্ত গাড়িচালক আরিফ কাজি সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এগুলো তার বিরুদ্ধে চক্রান্ত। মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষ প্রমাণিত হলে ওই কর্মচারীর বিরুদ্ধে উপযুক্ত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।



