কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া চরপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা হলেন মৃত তাজেল খানের তিন ছেলে- শুকুর খান, নয়ন খান ও গফুর খানের পরিবার। প্রায় ১০ সদস্যের এই যৌথ পরিবার একই আঙিনায় বসবাস করতেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে এলেও অধিকাংশ মালামাল রক্ষা করতে পারেননি।
অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া একটি ভ্যান ও একটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো একেবারে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



