নয়া দিগন্ত ডেস্ক
চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হন আরো তিনজন।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান নামে এক শিক্ষক নিহত হয়েছেন। শিক্ষক নিহতের খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করে রাখে। তিন ঘণ্টা পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বুধবার সকালে মোরেলগঞ্জ থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা ওই শিক্ষককে চাপা দেয়। এতে ওই শিক্ষক গুরুত্বর আহত হন। বাসটি সড়কের খাদে পড়ে যায়। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। আর ওই শিক্ষককে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শালিখা (মাগুরা) সংবাদদাতা জানান, শালিখা উপজেলার তালখড়ি বাজারের কাছে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তালখড়ি বাজারের কাছাকাছি স্থানে মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষ হলে নসিমনটি উলটে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু হুরায়রা (২১) ও অজ্ঞাতনামা পথচারীর মৃত্যু হয়। মোটরসাইকেলের অপর আরোহী রিফাত (১৯) গুরুতর আহত হন।
নিহত আবু হুরায়রা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। আহত রিফাত একই ইউনিয়নের কুশখালি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। তারা দু’জনই পেশায় ডেকোরেশন কর্মী।
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, কুলাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হক (৪৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কুলাউড়া উপজেলার শ্রীপুর কোনাগাঁও গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনায় পড়েন। সিলেট হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়। তিনি তিন বছর আগে কুলাউড়া জংশনে যোগদান করেন বলে জানা যায়।
উজিরপুর (বরিশাল) সংবাদদাতা জানান, বরিশালের উজিরপুরে ট্রাকচাপায় সাগর মোল্লা (২৪) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। গতকাল বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানা পুলিশ।
জানা যায়, নিহত সাগর মোল্লা উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার ছেলে ও বড়াকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহসভাপতি। গত মঙ্গলবার দিবাগত রাত্র আড়াইটার দিকে নতুন শিকারপুর এলাকার বেপারি বাড়ির সামনে হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাকরাল গ্রামের আনিছ হাওলাদারের গরু ও বাছুর চুরি করে অজ্ঞাত চোরেরা ট্রাকে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসী হাইওয়ে সড়কে চোরদের গতিরোধ করে। এ সময় ট্রাকচালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে সাগর মোল্লাসহ তিনজনকে চাপা দেয়। এতে সাগর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নাঈম হাওলাদার ও কাউসার হাওলাদার গুরুতর আহত হন।



