ময়মনসিংহ অফিস
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) বর্তমান মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রকে সরিয়ে দিয়ে নতুন মহাপরিচালক হিসেবে ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো: লতিফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
গতকাল সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। অপর এক আদেশে বর্তমান মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রকে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিম্নপদে নামিয়ে দিয়ে তাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ইনস্টিটিউটের একাধিক সূত্র বলছেন, ড. অনুরাধা ভদ্র মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর গবেষণায় পরিচালনায় অক্ষমতা, সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসহযোগিতা, অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থতার অভিযোগ উঠলে তাকে বিএফআরআই থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
নতুন মহাপরিচালক ড. লতিফুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে গ্রাজুয়েট ও মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে মালোয়েশিয়া থেকে মৎস্য বিষয়ে পিএইচডি করেন। তিনি খুলনার পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালনকালে লোনাপানির মৎস্যসম্পদ উন্নয়নে দীর্ঘ দিন গবেষণার অভিজ্ঞতা রয়েছে। কিছু দিন আগে তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দফতরে পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করে চলতি দায়িত্ব পালন করেন। সোমবার তাকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (চলতি দায়িত্ব) প্রদান করা হয়েছে। তিনি নাটোর জেলার বাসিন্দা।



