নিজস্ব প্রতিবেদক
শিশু-কিশোরদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পর্যায়ে নির্বাচিত ১০০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথমে শাখা পর্যায়ে এবং পরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশব্যাপী তিন লক্ষাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। শাখা পর্যায় থেকে বাছাই শেষে ১৪১টি কেন্দ্রে প্রায় এক হাজার ৪১০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই ২০১২ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তারা পাঠাভ্যাসকে জাতি গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন।
আয়োজকরা আরো জানান, জাতীয় ও শাখা পর্যায় মিলিয়ে মোট ৩৬ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ৫০ হাজার, ৪০ হাজার ও ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি পাবেন। এ ছাড়া নির্বাচিত ১০০ বিজয়ীকে ক্রেস্ট, সনদ ও মূল্যবান বই প্রদান করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ ও স্থান পরে জানিয়ে দেয়া হবে।
প্রকাশিত ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে নিশাত তাসনিম সাবা (ঢাকা), দ্বিতীয় হয়েছে মো: লালচাঁদ বাদশা (যশোর) এবং তৃতীয় স্থান অর্জন করেছে সাফা আল মারওয়া (চট্টগ্রাম)। জাতীয় পর্যায়ে মোট ১০০ জন বিজয়ীর নাম প্রকাশ করা হয়েছে।



