ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমায়েত উল্লাহকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ ডিবি। গত ১৮ নভেম্বর বিকেলে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি জানায়, হেমায়েত উল্লাহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করার সময় কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সাবেক পরিচালক এম এ খালেকের সাথে যোগসাজশে দুর্নীতির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটির আইন কর্মকর্তা মো: জসিম উদ্দিন বাদি হয়ে রাজধানীর শাহবাগ থানায় ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন। মামলাটি বর্তমানে ডিএমপির ডিবি বিভাগ তদন্ত করছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ১৯ নভেম্বর তাকে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে মো: হেমায়েত উল্লাহ দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন বলেও ডিবি সূত্র নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি।



