দিনাজপুর প্রতিনিধি
সমাজকল্যাণ মন্ত্রী হোসেন বলেছেন নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ জনপদ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তা না হলে আমাদের এই যৌথ প্রচেষ্টা ও অব্যাহত পদক্ষেপ গুলো ব্যর্থ হয়ে যাবে।
গতকাল রোববার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ কথা বলেন।
সভায় দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, নাগরিক জীবনের নিরাপত্তা জোরদারকরণ এবং সার্বিক জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী বলেন, একটি নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধ দিনাজপুর গড়ার লক্ষ্যে আমাদের এই যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মন্ত্রী আরো বলেন, মাদক এখন বিশ্বব্যাপী মরণব্যাধিতে পরিণত হয়েছে। নারী ও শিশু নির্যাতনের কঠিন আইন রয়েছে। আমাদের মন-মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। তা না হলে দেশ এগিয়ে যাবে না।
সভায় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৫ আসনের এমপি এ জেড এম রেজওয়ানুল হক, জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: মোফাজ্জল হোসেন দুলাল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান প্রমুখ।



