রংপুর ব্যুরো
রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে দুই মাদকসেবী মারা গেছে। এ সময় মাদক কারবারের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল দুপুরে রংপুরের বদরগঞ্জে গোপালপুর ইউনিয়নের বসন্তপুর ও পূর্ব শিবপুর গ্রাম থেকে মৃত দুই মাদকসেবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
বদরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জাহিদ হোসেন সরকার জানান, রোববার মধ্যরাতে শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদককারবারি জয়নুল আবেদীনের বাড়িতে রেকটিফায়েড স্পিরিট পান করেন গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন ও পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ কয়েকজন। মাদক সেবনের পরপরই অসুস্থ হয়ে পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান আলমগীর হোসেন ও সোহেল মিয়া। তাদেরকে নিজ বাড়িতে নিয়ে গোপনে দাফনের চেষ্টা করা হয়। অসুস্থ অন্যরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন কঠোর গোপনীয়তায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে জয়নুলসহ স্থানীয় মাদক সিন্ডিকেট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল যায় পুলিশ। মৃত আলমগীর ও সোহেল মিয়া লাশ উদ্ধার করে বেলা আড়াইটায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এ সময় জয়নুল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে।



