এক নিলামে এনটিসির ৪ কোটি ৪৭ লাখ টাকার চা বিক্রি

Printed Edition
হাওর অঞ্চল পরিদর্শন করছেন মৎস্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ : নয়া দিগন্ত
হাওর অঞ্চল পরিদর্শন করছেন মৎস্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ : নয়া দিগন্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

চট্টগ্রাম চা নিলামে এক নিলামেই ৪ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৭২২ টাকার চা বিক্রি করে রেকর্ড গড়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড (এনটিসি)। গত ৩ আগস্ট অনুষ্ঠিত নিলামে প্রতিষ্ঠানটির মালিকানাধীন ১২টি চা-বাগানের ১ লাখ ৫১ হাজার ৫৬০ কেজি চা বিক্রি হয়। গড় বিক্রয়মূল্য ছিল প্রতি কেজি ২৮৬ টাকা ৫৯ পয়সা।

এনটিসি সূত্র জানায়, সরকার নির্ধারিত ফ্লোর প্রাইস প্রতি কেজি ২৪৫ টাকার তুলনায় নিলামে গড় দাম ৪১ টাকা ৫৯ পয়সা বেশি ছিল। প্রতিষ্ঠানটির ১২টি বাগানের প্রতিটির চায়ের গড় বিক্রয়মূল্যই ২৮০ টাকার বেশি হওয়াকে এবারের নিলামের উল্লেখযোগ্য দিক হিসেবে দেখছে এনটিসি।

কোম্পানির কর্মকর্তারা জানান, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এনটিসির চা উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে। উৎপাদন বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগে এ সাফল্য এসেছে বলে তাদের দাবি।

এনটিসির সচিব এ কে আজাদ চৌধুরী বলেন, চায়ের গুণগত মান নিশ্চিত করতে ‘দুটি পাতা ও একটি কুঁড়ি’ সংগ্রহের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। পরবর্তী সময়ে আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে চায়ের রং, সুবাস, ঘনত্ব ও স্বাদ উন্নত করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে এনটিসির আওতাধীন মাধবপুর, পাত্রখলা, মদনমোহনপুর ও কুরমা চা-বাগান রয়েছে। সংশ্লিষ্টরা জানান, উৎপাদন ও গুণগত মান ধরে রাখতে শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এনটিসির এবারের নিলাম সাফল্য দেশের চা শিল্পে ইতিবাচক সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।