চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামেলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মো: সেলিম উদ্দিন। গত শনিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিএসবিআরএ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে মো: নূর উদ্দিন ও গাজী মোকাররম আলী চৌধুরী, নির্বাহী সদস্য পদে মো: জাহিদুল হক, মো: তসলিম উদ্দিন, এস এম নুরুন্নবী, মো: ফেরদৌস ওয়াহিদ, উবায়দা আসাদী, হোসাইনুল আরেফিন, এ কে এম সাইফুল্লাহ সাইদ জয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন বিএসবিআরএ নির্বাচন ২০২৬ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো: আফতাব উদ্দিন চৌধুরী। তিনি জানান, বিএসবিআরএর ৮৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৭১টি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।
ভোটদান শেষে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দীর্ঘ দিন পরে শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বতঃস্ফূর্ত আনন্দঘন পরিবেশে আমরা ভোটাধিকার প্রয়োগ করেছি। আমরা যাতে সবার সাথে যোগাযোগ রেখে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারি নির্বাচিত নেতারা সেই ব্যবস্থা করবেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ মহসিন চৌধুরী বলেন, শিপ ব্রেকিং শিল্পের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতিগত সহায়তা দরকার। আমাদের পক্ষ থেকেও সরকারের কাছে প্রয়োজনীয় দাবি তুলে ধরা হবে।



