আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি মোস্তাফিজের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল প্রকাশিত আইসিসির র‌্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে বোলারদের মধ্যে অষ্টম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বড় লাফ দিয়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।

তিন ম্যাচের টি-২০ সিরিজে তিন ইনিংসে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করা ব্যাটারদের র‌্যাংকিংয়ে ২১ ধাপ লাফ দিয়ে ৩৮তম স্থানে উঠে এসেছেন ইমন। দুই ইনিংসে ব্যাট করে সিরিজে সর্বোচ্চ ৮৯ রান করা তৌহিদ হৃদয় পাঁচ ধাপ লাফ দিয়ে ৪৩তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র‌্যাংকিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ইনিংসে ৭৩ রানে তিন উইকেট নেয়া মোস্তাফিজ দুই ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন অষ্টম স্থানে। শেখ মাহেদী হাসান তিন ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। রিশাদ হোসেন পাঁচ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১৯তম স্থানে। নাসুম আহমেদেরও পাঁচ ধাপ উন্নতি করে ২৫তম স্থানে উঠে এসেছেন। ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে চারে বিরাট কোহলি। শীর্ষে রোহিত শর্মা। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান পাকিস্তানের সায়েম আইযুম।