কে হচ্ছেন নতুন অর্থ ও বাণিজ্যমন্ত্রী

শেষ পর্যন্ত কি নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদই থেকে যাচ্ছেন। নাকি এই পদে নতুন কাউকে নিয়োগ দেয়া হচ্ছে- এসব প্রশ্ন এখন আলোচনায় ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী পদে একজন ব্যবসায়ী বা সাবেক এক সেনাকর্মকর্তাকে নিয়োগ দেয়া হতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আপাতত নতুন কাউকে নিয়োগ দেয়া হচ্ছে না বলে জানা গেছে। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হবে। কারণ ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত অবস্থা নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।

বিশেষ সংবাদদাতা
Printed Edition

কে হচ্ছেন নতুন সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী? শেষ পর্যন্ত কি নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে বর্তমান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদই থেকে যাচ্ছেন। নাকি এই পদে নতুন কাউকে নিয়োগ দেয়া হচ্ছে- এসব প্রশ্ন এখন আলোচনায় ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে, বাণিজ্যমন্ত্রী পদে একজন ব্যবসায়ী বা সাবেক এক সেনাকর্মকর্তাকে নিয়োগ দেয়া হতে পারে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে আপাতত নতুন কাউকে নিয়োগ দেয়া হচ্ছে না বলে জানা গেছে। বর্তমান গভর্নর আহসান এইচ মনসুরকে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হবে। কারণ ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত অবস্থা নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।

গতকাল সোমবার সচিবালয়ে এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা ছিল। সংশ্লিষ্ট এক সূত্র জানায়, বিএনপির একটি প্রভাবশালী গোষ্ঠী ধারাবাহিকতার স্বার্থে অর্থমন্ত্রী হিসেবে ড. সালেহউদ্দিনকে এই পদে রেখে দেয়ার পক্ষপাতী। এ বিষয়ে তার সাথে আলোচনাও করা হয়েছে। কিন্তু অন্য একটি পক্ষ বলছে সালেহউদ্দিনকে অর্থমন্ত্রী পদে নিয়োগ দেয়া ঠিক হবে না। কারণ এতে করে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আর তিনি অর্থনীতির ক্ষেত্রে খুব বেশি সফল হয়েছেন তা বলা যাবে না। এ ছাড়াও তার বয়সের বিষয়টি মাথায় রাখা হয়েছে।

এদিকে, গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সচিবালয়ে অর্থ উপদেষ্টা অফিস করেছেন। এ সময় তিনি তার উত্তরসূরির জন্য চার পাতার একটি নোটও চূড়ান্ত করেছেন। এই নোটে তিনি আগামীতে অর্থনৈতিক খাতে কী কী সংস্কার ও উদ্যোগ নিতে হবে তার একটি সংক্ষিপ্ত রূপরেখা দিয়েছেন। যাতে নতুন অর্থমন্ত্রীর কাজ করতে সুবিধা হয়।

অন্যদিকে অর্থমন্ত্রী হিসেবে প্রথমে চট্টগ্রাম থেকে নির্বাচিত আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম শোনা গেলেও শেষ পর্যন্ত তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পরে। তিনিও এই পদে যেতে আগ্রহী । অর্থমন্ত্রী পদে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার নাম শোনা গেলেও বিএনপিতে নতুন বলে তাকে এই পদে নিয়োগের বিষয়ে দলের ভিতরেই দ্বিমত রয়েছে। এ ছাড়া একাধিকবার দল বদলের কারণে তার ওপর অনেকে ভরসা পাচ্ছেন না।

অর্থমন্ত্রী পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করা এক ব্যক্তির নামও শোনা যাচ্ছে। জানা গেছে এক সাবেক আমলার নামও। এই বিষয়গুলো পুরোটা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে দেখাশোনা করছেন বলে জানা গেছে। তবে দু-একটি ক্ষেত্রে তিনি দলের সিনিয়র সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদের পরামর্শ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে।