ট্রাক বোঝাই সরকারি ওষুধ যমুনায় ফেলার সময় আটক

Printed Edition
টাঙ্গাইলের ঘাটাইলে আটককৃত সরকারি ওষুধ : নয়া দিগন্ত
টাঙ্গাইলের ঘাটাইলে আটককৃত সরকারি ওষুধ : নয়া দিগন্ত

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া বিপুল পরিমাণ সরকারি ওষুধবোঝাই একটি পিকআপ ভ্যান স্থানীয়দের সন্দেহে আটক হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ভূঞাপুরের গোবিন্দাসী টি-রোড এলাকায় পিকআপটি আটক করা হয়। পরে পুলিশ ওষুধসহ গাড়িটি থানায় নিয়ে যায়। বর্তমানে পিকআপ ও ওষুধ পুলিশের হেফাজতে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, রাত ১১টার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ ওষুধ নিয়ে পিকআপটি গোবিন্দাসী যমুনা নদী এলাকার দিকে যাচ্ছিল। টি-রোড এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িটি আটক করে পুলিশে খবর দেন। স্থানীয়দের অভিযোগ, ওষুধগুলো যমুনা নদীতে ফেলার উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। তবে এ অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

পিকআপচালক আজমত জানান, বাবুল নামে এক ব্যক্তি হাসপাতাল থেকে গোবিন্দাসী পর্যন্ত বস্তাগুলো বহনের জন্য তার গাড়ি ভাড়া করেন। বস্তার ভেতরে কী ছিল, তা তিনি জানতেন না বলে দাবি করেন।

ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু নয়িম মোহাম্মদ সোহেল বলেন, ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হচ্ছে।

ভূঞাপুর থানার ওসি রেজাউল করিম বলেন, জনতার হাতে আটক পিকআপ, ওষুধ এবং চালককে থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।