বিএনপিতে যোগ দিয়েই নড়াইল-২ আসনের মনোনয়ন পেলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

Printed Edition

ফরহাদ খান নড়াইল ও শরিফুজ্জামান লোহাগড়া

বিএনপিতে যোগ দিয়েছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক এবং ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির (অনিবন্ধিত) চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। যোগদানের পর পরই নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) ধানের শীষের ‘চূড়ান্ত মনোনয়ন’ পেয়েছেন ড. ফরহাদ।

এর আগে গত ৪ ডিসেম্বর এই আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার ২০ দিন পর নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হলো। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনেও নড়াইল-২ আসনে তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষে নির্বাচন করেছিলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। অন্য দিকে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

‘ধানের শীষ’ প্রতীক পাওয়ার পর ফরিদুজ্জামান ফরহাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফরম সংযুক্ত করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন। এখানে তিনি লিখেন, আমি আপনাদেরই সন্তান। নড়াইলের মাটি, মানুষ ও সম্ভাবনাকে সাথে নিয়ে আমরা একটি ন্যায্য, শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়তে চাই। আমার রাজনীতি প্রতিহিংসার নয়- ঐক্যের। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে আপনাদের কণ্ঠ সংসদে তুলে ধরব, নিয়মিত আপনাদের কাছে জবাবদিহি করব।