কুষ্টিয়া প্রতিনিধি
অল্পের জন্য কুষ্টিয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে মধুমতি এক্সপ্রেস ট্রেন। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়া কোর্ট স্টেশনের অদূরে পৌর বাজারের দক্ষিণ পাশে রেললাইনের একটি অংশ ভেঙে যায়। সকাল সাড়ে ৯টার দিকে মধুমতি এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রবেশের সময় স্থানীয়রা রেললাইনের ভাঙা অংশটি দেখতে পান।
তাৎক্ষণিকভাবে বিষয়টি স্টেশন মাস্টারকে জানানো হলে তিনি ট্রেনটি স্টেশনে থামিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে রেলওয়ের পিডব্লিউডি বিভাগের কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে সাময়িক মেরামত কাজ সম্পন্ন করেন। মেরামত শেষে অনুমতি পেলে প্রায় এক ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
রেলওয়ের কুষ্টিয়া অঞ্চলের উপসহকারী প্রকৌশলী জিহাদ হোসেন জানান, পৌর মাছ বাজারের বর্জ্য ও পানির কারণে রেললাইনের নিচের লোহায় জং ধরে দুর্বল হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেন চলাচলের সময় রেলটি ভেঙে যায়। এতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আপাতত সাময়িকভাবে রেললাইন মেরামত করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রেললাইনের ওপর অবৈধ মাছ বাজার বসায় রেলযন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত স্থায়ী সংস্কার ও অবৈধ বাজার উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।



