নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন- এই চার দলকে নিয়ে প্রস্তাবিত জোটের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
গতকাল সংশ্লিষ্ট দলগুলোর দায়িত্বশীল নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, আজ কিংবা আগামীকালের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জোটের ঘোষণা আসতে পারে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘এবি পার্টি ও আপ বাংলাদেশকে নিয়ে জোটের বিষয়ে আলোচনা চলছে। এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রক্রিয়াটি এগিয়েছে।’
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, দলের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গত ৯ নভেম্বর, ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় ৬ ঘণ্টাব্যাপী বৈঠকে জোট রাজনীতি নিয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠকে অনেক নেতা এককভাবে নির্বাচনে অংশগ্রহণের পক্ষে মত দিলেও, সমমনা দলগুলোর সাথে একটি তৃতীয় ফ্রন্ট গঠনের বিষয়টিও গুরুত্ব পায়।
এবি পার্টির কেন্দ্রীয় সহকারী অর্থসম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘নতুন জোট নিয়ে আলোচনা চলছে। আজ সন্ধ্যা বা রাতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।’ দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘চার দলের জোট এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে আজকালকের মধ্যেই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।’
আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, ‘এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আমরা প্রায় একমত হয়েছি। বিষয়টি ইতিবাচক। আজই সংবাদমাধ্যমে আমন্ত্রণ পাঠানো হতে পারে।’
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, ‘আলোচনা চূড়ান্তের পথে। কালকেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।’ তিনি আরো জানান, সম্ভাব্য এই জোটে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব) এবং গণঅধিকার পরিষদ যুক্ত হতে পারে।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রতীক ‘শাপলা কলি’।
২০২০ সালে যাত্রা শুরু করা আমার বাংলাদেশ (এবি) পার্টি ২০২৪ সালে নিবন্ধন পায়, যার প্রতীক ‘ঈগল’।
রাষ্ট্র চিন্তা প্ল্যাটফর্ম থেকে জন্ম নেয়া রাষ্ট্র সংস্কার আন্দোলন ২০২১ সালে রাজনৈতিক দলে রূপ নেয়।
অন্য দিকে, জুলাই অভ্যুত্থানের পর মধ্যম ডানপন্থী রাজনৈতিক ধারায় ৯ মে আত্মপ্রকাশ করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন জোট গঠিত হলে আগামী নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।



