জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশের নেতৃত্বদানকারীদের জন্য দু’টি গুণ অপরিহার্য- দুর্নীতিমুক্ত থাকা এবং আধিপত্যবাদকে প্রশ্রয় না দেয়া। তিনি অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের কাছে নিজেদের বিলীন করে দিয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, বর্তমান বিএনপি সরকারও তাদের পূর্বসূরিদের দেখানো পথেই হাঁটছে।’
গতকাল পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, ক্ষমতায় আরোহন করেই বর্তমান সরকার ‘জুলাই সনদ’ বাস্তবায়নে গড়িমসি শুরু করেছে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে নজিরবিহীন দলীয়করণ চলছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরেও দুর্নীতি ও আধিপত্যবাদের কারণে জন আকাক্সক্ষা পূরণ হয়নি।
জাগপা মুখপাত্র আরো বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং জুলাইয়ের যোদ্ধারা এনেছেন সার্বভৌমত্ব। কিন্তু বর্তমানে সেই সার্বভৌমত্ব আবারো বিপন্ন হতে চলেছে। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আধিপত্যবাদমুক্ত রাজনীতির কোনো বিকল্প নেই বলে তিনি সতর্ক করেন।
‘মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার, আধিপত্যবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপা প্রেসিডিয়াম সদস্য হাজী মো: হাসমত উল্লাহ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রকাশনাবিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার এবং যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।



