নিজস্ব প্রতিবেদক
আজ শুক্রবার গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটে মোট ২৫ হাজার ১৮৫ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। ভর্তি পরীক্ষা সম্পন্নের জন্য ইতোমধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে গুচ্ছভুক্ত যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, জিএসটি গুচ্ছভুক্ত দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই লাখ ৮৪ হাজার ৪৮০ ভর্তি ইচ্ছুক আবেদন করেছেন। এর মধ্যে ‘এ’ ইউনিটে এক লাখ ৬৬ হাজার ১৬২, ‘বি’ ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ ইউনিটে ২৫ হাজার ১৮৫ ভর্তি ইচ্ছুক আবেদন করেছেন। আজ শুক্রবার ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এর পর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর অন্তত এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। এ সময় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখতে হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ড. মনজুরুল হক জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের ২১টি কেন্দ্রে গুচ্ছের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। তবে এ ছাড়া কেন্দ্র সংশ্লিষ্ট নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিশ্চিত করবে।
গুচ্ছভুক্ত পরীক্ষার ২১টি কেন্দ্র হলো ১. ইসলামী বিশ্ববিদ্যালয় ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১০. বরিশাল বিশ্ববিদ্যালয় ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১২. সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ১৩. গাজীপুরের ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি ১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০. ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২১. চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।
এ দিকে সংশ্লিষ্টরা জানান, ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দূর-দূরান্ত থেকে আসা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা সেবার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এ ছাড়া অভিভাবকদের জন্য থাকছে হাল্কা নাস্তা ও বিশ্রামের ব্যবস্থা। এ ছাড়া অসুস্থতাজনিত কারণে সেবা দিতে প্রস্তুত থাকবে মেডিক্যাল টিম। এ ছাড়াও সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত থাকবে বিএনসিসি, রোভার স্কাউটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, এর আগে গত ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলে ১৬ জানুয়ারি পর্যন্ত। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারেন।



