হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে যাচ্ছেন

Printed Edition
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স দলের শিক্ষার্থীদের সংবর্ধনা  : নয়া দিগন্ত
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স দলের শিক্ষার্থীদের সংবর্ধনা : নয়া দিগন্ত

ফিবোনাচি আন্তর্জাতিক রোবট ও স্টেম অলিম্পিয়াড ২০২৬-এর বাংলাদেশ জাতীয় বাছাইপর্বে একাধিক বিভাগে কৃতিত্ব অর্জন করেছে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এই সাফল্যের মাধ্যমে ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স দল।

সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে ক্যাম্পাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: মনজারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যাপক কামরুন নাহার হারুন।

জাতীয় বাছাইপর্বে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী প্রকল্প “দুর্গো ২.০ : সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা, পরিবেশগত সুরক্ষা এবং গ্রামীণ স্বাস্থ্য সমতা” প্রকল্প বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও সামাজিক কল্যাণের সম্ভাবনা বিবেচনায় প্রকল্পটি বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়ায়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স দল ‘রোবো সকার’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং ১৬২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘লাইন ফলোয়িং রোবট’ ক্যাটাগরিতে ‘ দেশী বটস’ দল চতুর্থ স্থান অর্জনের পাশাপাশি সম্মানসূচক পদক লাভ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রযুক্তিগত দক্ষতা বিকাশ ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয়ের এই সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য “ফিক্সড-উইং ইউএভি ড্রোন” ও “লাইডার প্রযুক্তি-ভিত্তিক রাডার” উদ্ভাবনসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি