এশিয়ার দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় ইরান

Printed Edition

আলজাজিরা ও রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই ইরান তাদের প্রতিরক্ষামূলক অস্ত্র সক্ষমতা ‘স্বাধীন দেশগুলোর’ সাথে বিশেষ করে সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের (এসসিও) সদস্য রাষ্ট্রগুলোর সাথে ভাগ করে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিক। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

কিরগিজস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্জিত অভিজ্ঞতা সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে ভাগ করে নিতে প্রস্তুত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তাৎক্ষণিকভাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এতে গোটা বিশ্বে জ্বালানি অস্থিরতা দেখা দেয়।

টানা ৩৯ দিন যুদ্ধ শেষে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। গত ৮ এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকাশযান- বিশেষ করে ড্রোন ভূপাতিত করার দাবি করে তেহরান। সাময়িক যুদ্ধবিরতির সময়ে পাকিস্তানে শান্তি আলোচনায় বসে ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়।

সাময়িক ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে এক রকম একক সিদ্ধান্তেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে আবারো আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। এ দিকে বৈঠকের ফাঁকে ইরানি উপপ্রতিরক্ষামন্ত্রী রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। মস্কো ও মিনস্ক উভয়ই তেহরানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের এ ধরনের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা জোটকে আরো শক্তিশালী করার ইঙ্গিত দেয় এবং পশ্চিমা বিশ্বের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন কৌশলগত বার্তা বহন করে।