এসএসসির ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

২০২৬-এর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর প্রায় ১৩ লাখ খাতা বা উত্তরপত্র চ্যালেঞ্জ করেছে অসন্তুষ্ট শিক্ষার্থীরা। গতকাল এই আবেদন শেষ হয়েছে। এ বছর ১১টি বোর্ডে সর্বমোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা চ্যালেঞ্জের আবেদন পড়েছে। এর মধ্যে তাত্ত্বিক বিষয়ের জন্য আবেদন ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫ ও ব্যবহারিক বিষয়ের জন্য আবেদন হয়েছে দুই লাখ ৩১ হাজার ৪৭১টি। গতকাল মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এবার সাধারণ নয় শিক্ষা বোর্ডে মোট আবেদন পড়েছে ১১ লাখ ১৯ হাজার ৬৫৬টি। তার মধ্যে ঢাকা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের দুই লাখ ৭৭ হাজার ৬৬৫টি, ব্যবহারিকে ৫৮ হাজার ১২টি; কুমিল্লা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৯১ হাজার ৪৯৪টি, ব্যবহারিকে ২১ হাজার ১১৭টি; রাজশাহী বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৯৮ হাজার ৭১০টি, ব্যবহারিকে ২৩ হাজার ৫১৮টি; যশোর বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৭৪ হাজার ৭১৭টি, ব্যবহারিকে ১৬ হাজার ৩৪২টি; চট্টগ্রাম বোর্ডে তাত্ত্বিক বিষয়ের এক লাখ ১৪ হাজার ৭০৬টি, ব্যবহারিকে ২২ হাজার ৮৯৫টি; বরিশাল বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ২৯৩টি, ব্যবহারিকে ১০ হাজার ৭৯৩টি; সিলেট বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৫০ হাজার ৭১০টি, ব্যবহারিকে ১০ হাজার ২৬৪টি; দিনাজপুর বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৮৯ হাজার ২৮৬টি, ব্যবহারিকে ২১ হাজার ৯৭৪টি; ময়মনসিংহ বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৭১ হাজার ৬৬টি, ব্যবহারিকে ১৬ হাজার ৯১টি আবেদন পড়েছে।

এ ছাড়াও মাদরাসা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য তাত্ত্বিক বিষয়ের এক লাখ তিন হাজার ৫০৩টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৩ হাজার ৫৫৬টি আবেদন পড়েছে। অন্য দিকে কারিগরি শিক্ষা বোর্ডে তাত্ত্বিক বিষয়ের ৩৪ হাজার ৩০৫টি ও ব্যবহারিক বিষয়ের জন্য ১৬ হাজার ৯০৯টি আবেদন পড়েছে।