ডেঙ্গু রোগীর চাপে নাজুক মমেক হাসপাতাল

মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই

Printed Edition

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ ক্রমেই বাড়ছে। রোগীদের জন্য পৃথক ডেঙ্গু ওয়ার্ড চালু থাকলেও অতিরিক্ত রোগীর কারণে সেখানে জায়গা সঙ্কট দেখা দিয়েছে। ওয়ার্ডে স্থান সঙ্কুলান না হওয়ায় মেঝে ও বারান্দাতেও রোগীদের অবস্থান করতে হচ্ছে। প্রচণ্ড গরমে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরো বেড়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন।

গত মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে মমেক হাসপাতালে ৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু। একজন পুরুষ রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ২১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মোস্তফা ফয়সাল রাহাত বলেন, ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি পর্যবেক্ষণ করে চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।

তবে সরেজমিন দেখা গেছে, রোগীর চাপ বাড়ায় ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডে স্বাভাবিক পরিবেশে চিকিৎসাসেবা দেয়া কঠিন হয়ে পড়েছে। শয্যা সঙ্কটের কারণে ওয়ার্ডের মেঝে ও বারান্দাতেও রোগী ও স্বজনদের অবস্থান করতে হচ্ছে। প্রচণ্ড গরমে অনেক রোগী অতিষ্ঠ হয়ে পড়েছেন।

রোগীর সংখ্যা আরো বাড়লে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত শয্যা, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জনবল নিশ্চিত করা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন।