ফেনী থেকে অফিস
ফেনীবাসীর দীর্ঘ দিনের বন্যা দূর করতে এক হাজার ৫৪৩ কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি গতকাল মঙ্গলবার পরশুরাম অংশে জরাজীর্ণ বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। আগামী মাসের যেকোনো সময় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মন্ত্রী এ্যানি চৌধুরী জানান, একনেকে অনুমোদিত প্রথম পর্যায়ের এই বড় প্রকল্পটি ২০২৬ সালে শুরু হয়ে ২০৩০ সালে শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর ভারতের দিক থেকে আসা ঢল বা বাঁধ ভেঙে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তা রোধে এটি সমন্বিত উদ্যোগ। ভারতের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের নীতি ইতিবাচক থাকা উচিত এবং ঢল ছাড়ার বিষয়ে তাদের সজাগ থাকা প্রয়োজন, যেন বাংলাদেশের মানুষ আর কোনো আগ্রাসনের শিকার না হয়।
পরিদর্শকালে স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, এটি ফেনীবাসীর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, বিএনপি সরকার এলাকার মানুষের প্রাণের দাবিটি পূরণ করতে যাচ্ছে। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ বিএনপি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



