বরিশাল ব্যুরো
‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি’ স্লোগান নিয়ে আগামী ২০-২৯ আগস্ট অনুষ্ঠিত হবে ‘নৌযান শুমারি’। এ উপলক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসন ও বিবিএস বরিশাল গতকাল নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এক ‘অবহিতকরণ সেমিনার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
তিনি বলেন, একটি সভ্য দেশে শুমারি খুব প্রয়োজন। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সম্পদ বণ্টনের সঠিক চিত্র তুলে ধরতে পরিসংখ্যান অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিসংখ্যানের তথ্য ব্যবহার করে। নির্ভুল তথ্য পেতে শুমারি পরিচালনার ক্ষেত্রে ভালো মানের প্রশ্নমালা তৈরি করা প্রয়োজন এবং ১৪ বছরের চেয়ে কম বয়সী কারো থেকে তথ্য সংগ্রহ করা অনুচিত।
জেলা প্রশাসক মো: মামুন খন্দকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি ড. মো: সাইফুল্লাহ বিন আনোয়ার, উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে নৌযান শুমারি ২০২৬ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন বরিশাল বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্মপরিচালক মো: জাহাঙ্গীর আলম, স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো: আতিকুর রহমান। এ সময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা , বিভিন্ন নৌযান মালিক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের সমুদ্রগামী, উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযান, ডাম্ববার্জ ও অন্য কোনো ইঞ্জিনচালিত নৌযান দ্বারা চালিত নৌযান শুমারির আওতাভুক্ত হবে। তবে সামরিক বাহিনীর নিজস্ব তত্ত্ববধানে এবং তাদের মালিকানাধীন পরিচালিত নৌযান এ শুমারির আওতার বাইরে থাকবে।



