হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৪ শিশুর

Printed Edition
সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের শনাক্ত করা (ইনসেটে) ও চিকিৎসা দেয়া হচ্ছে : নয়া দিগন্ত
সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের শনাক্ত করা (ইনসেটে) ও চিকিৎসা দেয়া হচ্ছে : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

সারা দেশে হামের উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশু মারা গেছে।

এ সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৫ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ১৪১ শিশু। আর উপসর্গ মিলেছে এক হাজার চার শিশুর । এ নিয়ে প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হলো এক লাখ ১২ হাজার ৬২ শিশু।

গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে মোট ৭১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৩ জন।

একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১১ হাজার ৮৫১ জনের। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক লাখ ২১১ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৮০ হাজার ১৯৩ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩২৫ জন, আক্রান্ত হয়েছে ৫৩ হাজার ৮৬৭ জন।

সিলেটে আরো ১ শিশুর মৃত্যু

সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া শিশু তাহমিদা সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে।

এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় দুই জনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন।

গতকাল এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

চট্টগ্রামে আরো ১৩ জনের শরীরে হাম শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ১৩ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনের তথ্যানুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট ল্যাব-নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে। এর মধ্যে মহানগর এলাকায় ২৬৬ জন এবং ১৫টি উপজেলায় ৫৫ জন শনাক্ত হয়েছেন। শনাক্তকৃত রোগীর পাশাপাশি সন্দেহভাজন রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরো ৫৫ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।