খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিভিন্ন বিভাগের দ্বিতীয় বর্ষের (ব্যাচ ২০২৩) স্নাতক শিক্ষার্থীদের জন্য ‘পার্সোনাল ইফেক্টিভনেস, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাক্টিভ লার্নিং স্ট্রথ্যাটেজিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এসডব্লিউসি-২০১ কক্ষে একাডেমিক অ্যাচিভমেন্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের (এএএসডিসি) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের ব্যক্তিগত সক্ষমতা ও কার্যকারিতা বৃদ্ধি, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ লার্নিং এবং একাডেমিক ও প্রফেশনাল ডেভেলপমেন্টের বিভিন্ন দিক নিয়ে সেমিনারে আলোচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মো: রকিবুল আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানেটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে এফোর্টশেপারের চিফ কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাশেদ উল আলম শিক্ষার্থীদের উদ্দেশে সেমিনারের বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএএসডিসির পরিচালক প্রফেসর ড. মো: ফারুক হোসেন।
সেমিনারে শিক্ষার্থীদের পার্সোনাল ইফেক্টিভনেস, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাক্টিভ লার্নিং, একাডেমিক ডেভেলপমেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্টের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। বিজ্ঞপ্তি।



