কুমিল্লা প্রতিনিধি
অনলাইন জুয়ায় বিপুল পরিমাণ অর্থ হারিয়ে বিষণœতায় ভুগছিলেন প্রবাসী মেরাজুল ইসলাম (৪৪)। শেষ পর্যন্ত বিষাক্ত কীটনাশক ট্যাবলেট (কেরির বড়ি) খেয়ে নিজের জীবনাবসান ঘটিয়েছেন তিনি। কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মেরাজুল ওই এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ দিনে মেরাজুল ইসলাম অনলাইন জুয়ার নেশায় পড়ে প্রায় ২২ লাখ টাকা হারান। এত বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে তিনি মানসিক চাপে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাত ৯টায় আসাদপুর গ্রামে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়–য়া জানান, নিহতের লাশের ময়নাতদন্ত ঢাকায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।
পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহত মেরাজুল ও তার এক ছেলে প্রবাসে থাকতেন। বাবা-ছেলে দুজনেই দেশে ফিরে আসার পর তীব্র অর্থকষ্টে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।



