বরিশাল প্রেস ক্লাবে এমপি সরোয়ার

ভারতীয় পুশইনের বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে

Printed Edition
এনডিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা :  নয়া দিগন্ত
এনডিটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

বরিশাল ব্যুরো

বরিশাল সদর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ ও পুশইনের বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোনো আপস করা হবে না।

গতকাল শুক্রবার দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল- এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরোয়ার বলেন- বরিশাল বিভাগের উন্নয়নে আমরা সবসময় সরব ছিলাম, এবারো সংসদে এ বিষয়ে কথা বলেছি। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়নে কাজ করে যাবো। তিনি আরো বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা সেটাই দেখেছি।

বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল।

তিনি বলেন, গণমাধ্যম যখন নির্দ্বিধায় সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারবে, শাসন ক্ষমতায় থাকা ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পারবে, অনিয়ম দুর্নীতির কথা ভয়মুক্তভাবে বলতে পারবে, ঠিক তখনই গণতন্ত্রের যাত্রা যেমন সূদুর প্রসারী হবে তেমনি গণতন্ত্র মজবুত ভিত্তির উপর দাঁড়াবে।

বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে দিগন্ত টিভিসহ অনেক গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছিল।

এনটিভিও তখন অনেক সংগ্রাম করে টিকে ছিল। ফ্যাসিবাদের সময় অধিকাংশ টিভি চ্যানেল গণভবনে গিয়ে প্রেস ব্রিফিংয়ের নামে হাসিনা বন্দনায় ব্যস্ত থাকত। সেই দালালরা যেন এই সরকারের ওপর ভর করে আবার ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ ও ওবায়েদুল হক চান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার, যুবদল কেন্দ্রীয় সহসভাপতি এ এইচ এম তসলিম উদ্দিন, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির, বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল সাংস্কৃতিক পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিন।