তীব্র হচ্ছে বৈশ্বিক চিপ সঙ্কট দীর্ঘমেয়াদি চুক্তিতে স্যামসাং

Printed Edition

রয়টার্স

বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতি আরো কয়েক বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে দণি কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স। প্রতিষ্ঠানটির মতে, বৈশ্বিক চিপ সঙ্কট ২০২৮ সাল পর্যন্ত আরো তীব্র হতে পারে। এ পরিস্থিতিতে সরবরাহ নিশ্চিত করতে বিশ্বের বড় বড় ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি করেছে স্যামসাং।

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক রিপোর্টে স্যামসাং জানায়, তাদের সেমিকন্ডাক্টর বিভাগে পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫০ গুণেরও বেশি বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি ডেটা সেন্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানের সাথে এরই মধ্যে সরবরাহ চুক্তি হয়েছে। এ ছাড়া আরো পাঁচটি বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তির আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। যদিও এসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। স্যামসাংয়ের মেমোরি বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জেজুন কিম জানান, প্রায় সব গ্রাহকই এখন পাঁচ বছর বা তার বেশি মেয়াদের সরবরাহ চুক্তি করতে আগ্রহী। এসব চুক্তিতে অগ্রিম অর্থ পরিশোধ এবং ন্যূনতম মূল্য নির্ধারণের ব্যবস্থা থাকছে, যাতে ভবিষ্যতের বিনিয়োগ ঝুঁকি কমানো যায়।

তিনি বলেন, দীর্ঘমেয়াদে নিজেদের মোট মেমোরি চিপ উৎপাদনের প্রায় দুই-তৃতীয়াংশ এমন চুক্তির আওতায় আনতে চায় স্যামসাং। তবে শক্তিশালী আর্থিক ফলাফল সত্ত্বেও প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোয় বিপুল বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেনি।