ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপে ব্রব্বির এটি ছিল প্রথম শুরুর একাদশে নামা। আন্তর্জাতিক ক্যারিয়ারের মাত্র ১৪তম ম্যাচ খেলতে নেমে তার গোল ছিল মাত্র একটি। কিন্তু সুইডেনের বিপক্ষে ১৭ মিনিটের মধ্যেই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনে। সুইডেনের রক্ষণভাগ যেন তার সামনে অসহায় হয়ে পড়ে।
এনআরজি স্টেডিয়ামে আসা দর্শকদের আলোচনার কেন্দ্রে ছিলেন আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিয়োকেরেস। কিন্তু ম্যাচ শেষে সবার মুখে মুখে ঘুরছিল দুই ভিন্ন নাম, ব্রায়ান ব্রব্বি ও কোডি গাকপো।
সুইডেনকে রীতিমতো উঁড়িয়ে দিয়ে নেদারল্যান্ডস তাদের ফিফা বিশ্বকাপ অভিযানকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনলো। চার পয়েন্ট নিয়ে এফ গ্রুপের শীর্ষে এখন ডাচরা। একই সাথে কিছুটা হলেও কমেছে কোচ রোনাল্ড কোমানের ওপর চাপ, যদিও প্রত্যাশার ভার এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে।
কোমানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল আগের ম্যাচেই। গ্রুপ ‘এফ’-এ জাপানের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও ডাচরা শেষ পর্যন্ত ড্র করে। অনেকের মতে, তার বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্তই ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর অন্যতম কারণ ছিল। তাই সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের জয়ের আগে যখন ক্রিসেনসিও সামারভিলকে একাদশের বাইরে রেখে ব্রব্বিকে সুযোগ দেয়া হয় এবং ড্যানিয়েল মালেনকে ডান উইংয়ে সরিয়ে নেয়া হয়, তখন অনেকের ভ্রু কুঁচকে যায়।
জাপানের বিপক্ষে মালেন ভালো খেলেছিলেন, কিন্তু সান্ডারল্যান্ডের স্ট্রাইকার ব্রব্বি এমন এক সর্বগ্রাসী সেন্টার-ফরোয়ার্ডের পারফরম্যান্স উপহার দেন, যা তাকে প্রায় অপ্রতিরোধ্য করে তোলে। ম্যাচ শেষে কোমান বলেছেন, ধারণা ছিল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেখানে ব্রায়ান আমাদের পরিকল্পনার সাথে বেশি মানানসই ছিল।
কে এই ব্রব্বি
ব্রব্বি বর্তমান ডাচ ফুটবলের অন্যতম শক্তিশালী স্ট্রাইকার। ২০০২ সালের ১ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের রাজধানী আমষ্ট্রাডর্ম জন্মগ্রহণ করেন। ঘানার বংশোদ্ভূত পরিবারে বেড়ে ওঠা ব্রব্বির শৈশব কেটেছে সাধারণ পরিবেশে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল অদম্য ভালোবাসা। মাত্র আট বছর বয়সে তিনি যোগ দেন অ্যাজাক্স ইয়ুথ অ্যাকাডেমিতে। যেখানে তাঁর প্রতিভার দ্রুত বিকাশ ঘটে। শক্তিশালী শারীরিক গঠন, দুর্দান্ত গতি এবং গোল করার সহজাত ক্ষমতা তাঁকে বয়সভিত্তিক দলগুলোতে আলাদা করে তোলে।
পেশাদার ফুটবলে তাঁর অভিষেক হয় এএফসি অ্যাজাক্সে। এরপর কিছু সময়ের জন্য তিনি জার্মানির আরবি লেইপজিগে খেলেন। তবে নিজের সেরা ছন্দ খুঁজে পান আবারও অ্যাজাক্সে ফিরে। বিশেষ করে ২০২৩-২৪ মৌসুমে তিনি দলের আক্রমণভাগের প্রধান ভরসায় পরিণত হন। শক্তি ও কৌশলের মিশেলে প্রতিপক্ষের রক্ষণভাগকে ভেঙে ফেলার অসাধারণ ক্ষমতা তাঁকে সমসাময়িক ডাচ ফরোয়ার্ডদের মধ্যে বিশেষ জায়গা এনে দিয়েছে।
বয়সভিত্তিক বিভিন্ন পর্যায়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করার পর তিনি জায়গা করে নেন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ইতোমধ্যে শতাধিক পেশাদার ম্যাচ খেলেছেন এবং ৭০-এর বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। তাঁর ক্যারিয়ারে রয়েছে একাধিক ডাচ লিগ শিরোপা ও কাপ জয়। মাত্র ২৪ বছর বয়সেই ব্রায়ান ব্রব্বিকে ডাচ ফুটবলের ভবিষ্যৎ তারকা বলা হচ্ছে। শৈশবের স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং অদম্য আত্মবিশ্বাসের জোরে তিনি এগিয়ে চলেছেন নতুন উচ্চতার দিকে।



