রয়টার্স
কানাডার টরেন্টো শহরে নির্বিচার গুলিবর্ষণের এক ঘটনায় দুইজন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। গত শনিবার মিডটাউন টরেন্টোতে কানাডার সবচেয়ে বড় লাতিন থিমের বার্ষিক সাংস্কৃতিক উৎসব সেন্ট ক্লেয়ার ফেস্টিভালে সালসা নাচ ও সঙ্গীত চলাকালে গুলিবর্ষণের ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাস্থলে বন্দুকের গুলিতে আহত পাঁচজনকে শনাক্ত করেন। গুলিবিদ্ধ আরো দুইজনকে সেখানেই মৃত ঘোষণা করা হয়। আহতদের কার কী অবস্থা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষ লোকজনকে ঘটনাস্থল এড়িয়ে চলার ও পুলিশের সব নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও দায়ীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। টরেন্টো পুলিশ বিভাগ তাদের দাফতরিক এক্স একাউন্টে যে তথ্য দিয়েছে তার বাইরে বিস্তারিত জানাতে রাজি হননি পুলিশের মুখপাত্র। পুলিশ জানিয়েছে, আরো তথ্য পাওয়া গেলে সর্বশেষ পরিস্থিতি জানানো হবে। তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য বা গ্রেফতারের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।



