হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে পাঁচ মাসে এই রোগে মোট মৃত্যু ৯৩৮ জনে পৌঁছেছে। সর্বশেষ মারা যাওয়াদের মধ্যে দু’জন ঢাকা বিভাগে আর একজন করে সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগের। তবে এ সময় কারো নিশ্চিত হামে মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩২ জন। এর মধ্যে এক হাজার ১৪৯ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৫ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪৬ শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৯৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮৩৯ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৫০ হাজার ৬৫২ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৮ হাজার ৪৮৭ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৬৯ হাজার ১৩৯ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৩১ হাজার ৬৬৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ২৬ হাজার ৯২১ জন।

চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৪৪, রাজশাহীতে ৯৫, ময়মনসিংহে ৭৬, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৬৮, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।