বিভ্রান্তির হাতিয়ার সোশ্যাল মিডিয়া

তারেক রহমানের শিশু কোলে নেয়ার ছবি ভুয়া

আবুল কালাম
Printed Edition

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে রাস্তা থেকে একটি শিশুকে কোলে তুলে নিতে দেখা যায়। বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে, ‘জনগণের প্রতি ভালোবাসার টানে মৃত্যুভয় উপেক্ষা করে সিগন্যালে গাড়ি থেকে নেমে তিনি শিশুটিকে কোলে নিয়েছেন’। তবে অনুসন্ধানের পর ফ্যাক্টওয়াচ জানিয়েছে, ভাইরাল এই ছবিটি বাস্তব নয় বরং এটি এআই জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

ফ্যাক্টওয়াচ তাদের প্রতিবেদনে বেশ কিছু কারিগরি অসঙ্গতি তুলে ধরেছে। ভাইরাল ছবিটিতে তারেক রহমানের নির্বাচনী বাসের সামনের অংশে ইংরেজিতে অস্পষ্ট কিছু লেখা দেখা যায়, অথচ বাস্তবে তারেক রহমানের প্রচারণার বাসে সাদা রঙে বাংলায় ‘সবার আগে বাংলাদেশ’ লেখা রয়েছে। এ ছাড়া ছবিতে থাকা ব্যক্তির চেহারার সাথেও তারেক রহমানের প্রকৃত অবয়বের অমিল পাওয়া গেছে।

অনুসন্ধানে দেখা যায়, তারেক রহমানের সিলেট সফরের সময় ‘বাংলা ভিশন’-এর একটি ভিডিওতে একটি শিশুর দেখা মেলে। সেখানে দেখা যায়, তারেক রহমান চলন্ত বাসের ভেতর থেকে হাত নাড়াচ্ছেন এবং শিশুটিও তাকে দেখে হাত নাড়াচ্ছে। একপর্যায়ে বাসটি শিশুটিকে অতিক্রম করে চলে যায়। ওই ভিডিওর দৃশ্যকে বিকৃত করেই মূলত এআইয়ের মাধ্যমে শিশুটিকে কোলে নেয়ার ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটি যাচাইয়ের জন্য এআই কনটেন্ট ডিটেক্টর টুল ব্যবহার করা হয়েছে। ‘হাইভ মডারেশন’ নামক টুলটি ছবিটিকে শতভাগ এআই জেনারেটেড হিসেবে নিশ্চিত করেছে।

অন্য দু’টি টুলও ৮০ শতাংশের বেশি সম্ভাবনা দেখিয়েছে যে ছবিটি কৃত্রিমভাবে তৈরি। বিএনপি বা তারেক রহমানের অফিসিয়াল কোনো পেজেও এমন কোনো ছবি পাওয়া যায়নি।

বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষকে হেয় করতে বা জনমত প্রভাবিত করতে এখন সোশ্যাল মিডিয়াকে অপব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়াই তথাকথিত গণমাধ্যমগুলো এসব গুজব ছড়িয়ে দিচ্ছে, যা ভয়াবহ অস্থিরতা তৈরি করতে পারে। এ অবস্থায় কোনো তথ্য যাচাই না করে অন্ধবিশ্বাস না করার জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।