জনগণের অতিমাত্রায় বা অবাস্তব প্রত্যাশার সুযোগ নিয়ে রাজনীতিতে আবার নতুন করে বিপদ সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, গত ৫ আগস্টের পর রাজনীতিকদের প্রতি সাধারণ মানুষের যে আস্থা ও ধারণার পরিবর্তন এসেছে তা ধরে রাখা নেতাদেরই দায়িত্ব।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মোশারফ হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ‘ফেনী আমার ফেনী’ নামের সংগঠন এই দোয়া ও স্মরণসভার আয়োজন করে।
পানিসম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই অলৌকিক পরিবর্তন ঘটে যাবে- এমন চিন্তা বাস্তবসম্মত নয়। নির্দিষ্ট আইনি ও রাষ্ট্রীয় প্রক্রিয়ার মধ্য দিয়েই সরকারকে এগোতে হয়। রাজনীতিবিদদের কথাসর্বস্ব না হয়ে বক্তব্য ও কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ওপর জোর দেন তিনি। প্রতিবেশী কূটনীতি প্রসঙ্গে তিনি বলেন, এতদিন একটি বিশেষ দলের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছিল, তবে এখন দেশের স্বার্থে দুই দেশের জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক জোরদার করতে হবে।
অনুষ্ঠানে বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এবং বোরহান উদ্দিন ফয়াসাল ও আমির হোসেন জনির সঞ্চালনায় আরো বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম ও এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
স্মরণসভায় বক্তারা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মরহুম মোশারফ হোসেনের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, রাজনীতিতে দেয়ার মানসিকতা নিয়ে আসা মোশারফ হোসেন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা, পোশাক ও জনশক্তি রফতানি খাত এবং গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। সভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।



