জুলাই শহীদদের জাতি চিরকাল স্মরণ করবে : মীর হেলাল

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বসাধারণের শ্রদ্ধা

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

যথাযথ সম্মান ও বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে গতকাল সকাল থেকেই নগরীর নিউ মার্কেট এলাকার রেলওয়ে স্টেশন চত্বরের জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের ঢল নামে।

সকাল ১০টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলী, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সরকারি, বেসরকারি বিভিন্ন দফতর এবং সাধারণ জনগণ শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের ত্যাগের বিনিময়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা নতুন দিগন্তে পৌঁছেছে। জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে রয়েছে। তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং সার্বিক কল্যাণ নিশ্চিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় প্রতিমন্ত্রী দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই গণ-অভ্যুত্থানের অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে এর ইতিহাস ধারণ ও লালন করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক মতপার্থক্য গণতন্ত্রের স্বাভাবিক বিষয় হলেও, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী অপশক্তিকে এ দেশে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেয়া হবে না। এদিন শ্রদ্ধা জানাতে সকাল থেকেই স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে দেখা যায় সর্বস্তরের মানুষের ভিড়। এ সময় কারো হাতে ছিল ফুল, কারো চোখে পানি, বুকে ক্ষোভ আর শ্রদ্ধার সংমিশ্রণ।