ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ‘Celebrating Leadership, Shaping Futures: Dialogue on BangladeshÕs Economy and Development Studies’ শীর্ষক এক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে উন্নয়ন অধ্যয়ন বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং সাবেক ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব লাভ করায় অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথিদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের জীবন, শিক্ষা, গবেষণা ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক ড. আবু ইউসুফ। উন্নয়ন অধ্যয়ন শাস্ত্রের বিকাশ, গুরুত্ব ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় তার ভূমিকা নিয়ে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিজ্ঞপ্তি।



