রায়পুরার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী এ্যাংকা অস্ত্রসহ গ্রেফতার

Printed Edition

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী রাকিব ওরফে এ্যাংকাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ। তিনি হত্যা, চাঁদাবাজি, দস্যুতাসহ অন্তত ৯ মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চরমেঘনা গ্রামে তার নিজ বাড়িতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের খাটিয়ার নিচে রাখা প্লাস্টিকের বস্তা থেকে তিনটিওয়ান শুটারগান, চারটি পিতলের বুলেট ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা থানা পুলিশ, বাঁশগাড়ী তদন্ত কেন্দ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার শিবপুর সার্কেলের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত দায়িত্বে থাকা রায়পুরা সার্কেলের কর্মকর্তা রায়হান সরকার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমানসহ পুলিশের একটি বিশেষ দল।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রায়পুরার চরাঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল রাকিব ওরফে এ্যাংকা। তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের সন্ধান পাওয়া যায়।