অরুনাচল নিয়ে ভারত ও চীনের মধ্যে আবারো উত্তেজনা

Printed Edition

বিবিসি

চীনের শাংহাই বিমানবন্দরে যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থোংডককে আটক করা নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। গত শুক্রবার লন্ডন থেকে জাপানগামী ফ্লাইটে শাংহাই হয়ে যাত্রাকালে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ উল্লেখ থাকায় এই ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন। চীন লাদাখের সীমান্তবর্তী অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে দাবি করে এবং ভারতকে সেই দাবি মেনে নিতে চাপ দিয়ে আসছে। ভারত অবশ্য অরুণাচলকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে।

থোংডক জানান, তাকে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়েছিল এবং এটি তার কাছে ‘অপমানজনক’ অভিজ্ঞতা। শাংহাই ও বেইজিংয়ে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগের পর ভারতীয় কর্মকর্তারা বিমানবন্দরে গিয়ে কথা বললে তাকে মুক্তি দেয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ ঘটনাকে ‘স্বেচ্ছাচারী’ বলে উল্লেখ করেন এবং চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান চলাচলবিষয়ক একাধিক কনভেনশন লঙ্ঘনের অভিযোগ তোলেন। এর কয়েক ঘণ্টা পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দাবি করেন, তাদের সীমান্ত পরিদর্শন কর্মকর্তারা আইন অনুযায়ী কাজ করেছেন এবং কাউকে আটকে রাখা বা হয়রানি করা হয়নি।