নাজিরপুরে ডাকাতির সময় সংঘর্ষে নিহত ১ বাবা-ছেলে আহত

Printed Edition

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গভীর রাতে ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার পরিবারের সাথে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯)। রোববার রাত ২টার দিকে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডাকাতের নাম দুলাল, সে বরিশাল জেলার হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাড়ীর ছেলে। আহত উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল কলারদোয়ানিয়া গ্রামে উজ্জ্বল বাহাদুরের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করলে তারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও কোপাকুপি হয়। চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থলেই এক ডাকাত গুরুতর আহত অবস্থায় পড়ে থাকে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ডাকাতকে মৃত ঘোষণা করেন।

আহত শিক্ষক উজ্জ্বল বাহাদুর ও তার ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মশিউর রহমান জানান, হাসপাতালে আনার কিছুক্ষণ পরই গুরুতর আহত ওই ডাকাতের মৃত্যু হয়। বাকি দুই আহতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, ডাকাতি ও নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।