বাঘায় বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধার নারী গ্রেফতার

Printed Edition

রাজশাহী ব্যুরো ও বাঘা সংবাদদাতা

রাজশাহীর বাঘা উপজেলায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তার স্বামী মো: রুবেল হোসেন (৪৮) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

শনিবার রাতে বাঘা উপজেলার আলাইপুর (নাপিতপাড়া) গ্রামে এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো: মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: স্বপন হোসেনসহ ডিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

ডিবি পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, আলাইপুর (নাপিতপাড়া) গ্রামের রোজিনা খাতুনের বসতবাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুদ রয়েছে। এর ভিত্তিতে রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রোজিনা খাতুন পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার শয়নকক্ষে বিধি অনুযায়ী তল্লাশি চালিয়ে খাটের নিচে সাদা পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে কাঠের বাঁটসদৃশ দু’টি বিদেশী পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।