ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি (১০২) করেছেন ভারতের বিরাট কোহলি। এটি ছিল কোহলির ১১তম ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। এ নিয়ে চলতি সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে প্রথম ওয়ানডেতে খেলেন ১৩৫ রানের ইনিংস। ৩৭ বছর বয়সী ব্যাটারের ওয়ানডেতে এটি রেকর্ড ৫৩তম সেঞ্চুরি। সব মিলে ৮৪তম আন্তর্জাতিক শতকের দেখা পেলেন সাবেক অধিনায়ক। যা তাকে আরেক ইন্ডিয়ান ক্রিকেট গ্রেট শচিন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ডের আরো কাছে নিয়ে গেল। শচীন ৫১ টেস্ট ও ৪৯ ওডিআই সেঞ্চুরি করে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। কোহলি ও ঋতুরাজ গায়কোয়াডের শতকে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩৫৮ রান করে ভারত।
লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করামের সেঞ্চুরিতে (১১০) ভর করে ৩ উইকেটে ২৫৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য এখনো প্রয়োজন ৭৩ বলে ১০০ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত উইকেটে ছিলেন ব্রিটজকে ৪৯ ও ব্রেভিস ৩১ রান নিয়ে।



