বিশেষ সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে দু’টি দল শর্তপূরণ করেছে। গতকাল সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আখতার আহমেদ বলেন, নিবন্ধনের জন্য ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। তার মধ্য থেকে দু’টি দল ‘এনসিপি’ ও ‘বাংলাদেশ জাতীয় লীগ’কে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এনসিপি কী প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেয়া হবে। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় চিঠি দেয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেয়া হবে।
তিনি জানান, এই দু’টির বাইরে আরো তিনটি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ)। এ ছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় রয়েছে। তারাও নিবন্ধন পেতে পারে। সেই সাথে ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে। দলগুলো হলো- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ, সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ।
তিনি আরো জানান, আর মাঠ পর্যায়ে তদন্ত করা ২২টি দলের মধ্যে সাতটিকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলো হলো- ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।



