মাদারীপুর প্রতিনিধি
লিবিয়ায় আটকে রেখে মাদারীপুরের এক যুবককে পৈশাচিক নির্যাতনের ভিডিও পরিবারকে পাঠায় মানবপাচারকারী দালাল চক্র। সেই ভয়াবহ দৃশ্য সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন যুবকের মা ও বাবা। এ দিকে দফায় দফায় ৮৫ লাখ টাকা মুক্তিপণ দেয়ার পরও এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী এলাকার রফিকুল ইসলাম রাব্বি।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পরিবারে সচ্ছলতা ফেরাতে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন তিন ভাইবোনের মধ্যে সবার ছোট রাব্বি। তাকে সরাসরি ইতালি না পাঠিয়ে লিবিয়ায় জিম্মি করে মাফিয়ারা। সেখানে নির্যাতনের ভিডিও দেখে দেড় বছর আগে বাবা জলিল বেপারি এবং ছয় মাস আগে মা মেহেরুন নেছা মারা যান। স্বজনদের অভিযোগ, কেন্দুয়া ইউনিয়নের রিয়াজুল মাতুব্বর, তার শ্বশুর জামাল ফকির ও শাশুড়ি রোমানা বেগমের চক্রের সাথে চুক্তি করে রাব্বিকে পাঠানো হয়েছিল। লিবিয়ায় আটকে রেখে এই চক্রটি ভিটেমাটি বিক্রি ও চড়া সুদে নেয়া ৮৫ লাখ টাকা হাতিয়ে নেয়। বর্তমানে রাব্বির কোনো খোঁজ না পাওয়ায় মঙ্গলবার দালালের বাড়ি ঘেরাও করেন স্বজনরা।
এলাকাবাসীর দাবি, রিয়াজুল দীর্ঘদিন ধরে ইতালির কথা বলে লিবিয়ায় যুবকদের আটকে নির্যাতন চালিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। রাব্বির বড় বোন তানজিলা আক্তার দালালের বিচার ও ভাইয়ের সন্ধান চান।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানান, নিখোঁজ যুবকের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।



